সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সিটি করপোরেশনের লেকে গোসল করতে নেমে একই পরিবারের তিন জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।
শনিবার (১৩ জুন) দুপুরে সিদ্ধিরগঞ্জের নাসিক ৭ নং ওয়ার্ডের নাভানা সিটি সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নরাইলের কালিয়া থানাধীন রঘুনাথপুর গ্রামের আকরামের মেয়ে সুরাইয়া (১৩), ছেলে গালিব (১৯) ও গোপালগঞ্জের কাশিয়ানি থানাধীন মহানাথ গ্রামের দেলোয়ারের ছেলে রাশিদুল (২১)। তারা উভয়ই সিদ্ধিরগঞ্জের নাভানা সিটি এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে বৃষ্টির সময় নিহতরা গোসলের উদ্দেশ্য নেমে প্রথমে ডুব দিয়ে সিটি করপোরেশনের নির্মিত ঘাটের সিঁড়ির নিচ দিয়ে সাঁতরে একপাশ থেকে লেকের অন্যপাশে যায়। পরবর্তীতে তিনজন একসাথে আবারও সিঁড়ির নিচে ডুব দেওয়ার পর প্রায় ৪০ মিনিট পার হলেও তারা আর পানির ওপর ভেসে ওঠেনি বলে জানান স্থানীয়রা।
সূত্রে আরও জানা যায়, ডুব দেওয়ার দীর্ঘক্ষণ পার হলেও ভেসে না ওঠায় স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের খবর দেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে প্রায় এক ঘন্টার চেষ্টায় প্রথমে দু’জনকে উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ২০ মিনিট পর খোঁজ করে অপরজনের মরদেহও উদ্ধার করে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, ঘটনাস্থলে এসে জানতে পারি গোসল করতে নেমে তাদের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে।##
প্রতিনিধির নাম 





















