নিজস্ব প্রতিবেদক:
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষ্যে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নারায়ণগঞ্জ সদর উপজেলায় আনসার ও ভিডিপি সদস্য বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। উপজেলার ৭৯টি পূজামণ্ডপে দায়িত্ব পালনের জন্য মোট ৫১২ জন সদস্য মোতায়েনের লক্ষ্যে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
শনিবার (১০অক্টোবর) সকাল ১০টা থেকে শুরু হওয়া বাছাই কার্যক্রমে ৫৫০ জন সদস্য উপস্থিত হন। নির্ধারিত যোগ্যতা ও শর্ত যাচাই-বাছাই শেষে প্রশিক্ষণপ্রাপ্ত, এভিএমআইএস (AVMIS) সফটওয়্যারে নিবন্ধিত, নিজ জাতীয় পরিচয়পত্রের বিপরীতে রকেট, নগদ বা বিকাশ অ্যাকাউন্টধারী এবং শারীরিকভাবে সক্ষম ৪৫২ জন সদস্যকে প্রাথমিকভাবে বাছাই করা হয়।
বাছাই কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)এস এম ফয়েজ উদ্দিন। তিনি সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং দুর্গাপূজায় সর্বোচ্চ দায়িত্বশীলতা, শৃঙ্খলা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
এ সময় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. আজিজুল হাকিমের তত্ত্বাবধানে বাছাই কার্যক্রমে নির্ধারিত যোগ্যতা ও প্রশাসনিক শর্ত অনুসরণের ওপর গুরুত্ব দেওয়া হয়। যোগ্য সদস্য নির্বাচন, প্রয়োজনীয় তথ্য যাচাই এবং কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখার ক্ষেত্রে তাঁর ভূমিকা ছিল তাৎপর্যপূর্ণ।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. আজিজুল হাকিম বলেন, “প্রশিক্ষণপ্রাপ্ত, AVMIS সফটওয়্যারে নিবন্ধিত, নিজ জাতীয় পরিচয়পত্রের বিপরীতে নিবন্ধিত এমএফএস (রকেট, নগদ ও বিকাশ) অ্যাকাউন্টধারী এবং শারীরিকভাবে সক্ষম সদস্যদের মধ্য থেকে নির্ধারিত শর্ত অনুযায়ী বাছাই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এ কার্যক্রমে শতভাগ নিরপেক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখা হচ্ছে। কোনো ধরনের দুর্নীতি, অনিয়ম বা পক্ষপাতিত্বের সুযোগ নেই।”
সংশ্লিষ্টদের মতে, দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা যাচাই এবং প্রশাসনিক নিয়ম অনুসরণের মাধ্যমে সদস্য বাছাই করা নিরাপত্তাব্যবস্থাকে আরও সুশৃঙ্খল ও কার্যকর করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ক্ষেত্রে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. আজিজুল হাকিমের নিয়মতান্ত্রিক তদারকি, দায়িত্বশীল মনোভাব এবং স্বচ্ছতার ওপর গুরুত্বারোপ প্রশংসার দাবি রাখে।
আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে আনসার ও ভিডিপি সদস্যদের সতর্কতা, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, প্রশাসনের দিকনির্দেশনা এবং আনসার ও ভিডিপি সদস্যদের পেশাদার দায়িত্ব পালনের সমন্বয়ে নারায়ণগঞ্জ সদর উপজেলার পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিতকরণ ও আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।
প্রতিনিধির নাম 















