শহর প্রতিনিধি : নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন।
বুধবার (৫ আগস্ট) দুপুর ১২টার দিকে সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে এক সভায় বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সরকারি তোলারাম কলেজের সাধারণ শিক্ষার্থী ও পুলিশ সূত্রে জানা যায়, জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে কলেজের অডিটোরিয়ামে সভা চলছিল। সেখানে ছাত্র সংগঠনগুলোর নেতারাও বক্তব্য রাখেন। ছাত্রদল ও ছাত্রশিবির একে অপরকে উদ্দেশ্য করে উস্কানিমূলক বক্তব্য রাখেন। উভয়ের পালটাপালটি বক্তব্যকে কেন্দ্র করে কলেজ রোড ও চাষাঢ়ায় সংঘর্ষে জড়ায় দুপক্ষ। এ সময় উভয়পক্ষের লোকজনের হাতে লাঠিসোঁটা, লোহার পাইপ ও বাঁশ দেখা যায়। দেড় ঘণ্টা পর খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশ ও ডিবি পুলিশের বিপুল সদস্যরা সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং উভয়পক্ষকে সেখান থেকে সরিয়ে দেয়।
অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামান জানান, এতে চার থেকে পাঁচজন আহত হয়েছেন তবে, মারাত্মক নয়। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। তিনি বলেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে যারা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়েছে তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’
এদিকে, পুলিশ ছাত্রশিবিরের নেতাদের সরিয়ে দিলে তারা সেখান থেকে মিশন পাড়ায় নিজেদের কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেয় । তবে ছাত্রদলের নেতাকর্মীরা আল্লামা ইকবাল রোড, জামতলা, চাষাঢ়া ও কালিরবাজার এলাকায় মিছিল করেন।
প্রতিনিধির নাম 











